ভুয়া ওয়ারেন্টে গ্রেফতার হওয়া আজিজুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে মুক্তি দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুয়া ওয়ারেন্ট জারি করা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের অপরাধ তদন্ত সংস্থাকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দেন।
জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ঢাকা জেলার সাভার থানাধীন ফিরিঙ্গী কান্দা এলাকার গেদু মিয়ার ছেলে আজিজুর রহমান (৫২)। ভুয়া গ্রেফতারি পরোয়ানায় আটকের পর গত ২৬ আগস্ট থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ৪ সেপ্টেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। আসামিপক্ষের আইনজীবীরা গ্রেফতারি পরোয়ানাটি ভুয়া বলে আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
আদালতে দেওয়া প্রতিবেদনে প্রশাসনিক কর্মকর্তা জানান, দাখিল করা ওয়ারেন্টের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি। জেলা ও দায়রা জজের স্বাক্ষরটিও জাল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘ওয়ারেন্টটি ভুয়া হওয়ায় আজ আদালত শুনানি শেষে আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। যারা এ জালিয়াতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডিকে নির্দেশ দেন।’








