চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
অভিযুক্তরা হলেন সভাপতি ও জাতীয় সংসদ সদস্য পল্লী বিদ্যুৎ নেতা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতাউর রহমান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত মেয়র কারিবুল হক রাজিনক। দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের সুপারিশটি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।
জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিকুর রহমান খান বেদানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভা জেলা সভাপতি মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, জেলা আ’লীগের সাবেক সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, সহ-সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমানসহ দলের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বানী এমপির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হতে হয়।
উল্লেখ্য, পৌর নির্বাচনের প্রাক্কালে গত বছরের ২৪ ডিসেম্বর জেলা আওয়ামীলীগ এ অভিযোগে তাদের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল যা পরবর্তী স্থায়ী বহিষ্কারের সুপারিশে পরিবর্তিত হয়।
/এইচকে/








