
কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় দু’শিশু হত্যার ঘটনায় সৎ ভাইয়ের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহত দুই শিশুর মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে ছোটনকে একমাত্র আসামি করে এ মামলা করেন।
শিশু দু’টির মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রবিবার দুপুরে বাড়িতে আনা হয়েছে। বাদ জোহর তাদের দাফন করা হয়েছে।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. আইয়ুব মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোটনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক বলেন, নিহত দুই শিশু জয় ও মনির দাফনের জন্য তাদের বাবা আবুল কালামকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া আবুল কালামের ব্যবসার প্রসারের জন্য যুব উন্নয়ন থেকে স্বল্প সুদে ৬০ হাজার টাকা ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার বিকালে ঢুলিপাড়ায় মুদি ব্যবসায়ী আবুল কালামের বাসা থেকে জয় (৮) ও মনিকে (৬) উদ্ধার করা হয়। সন্দেহ করা হচ্ছে, তার প্রথম স্ত্রীর ছেলে ছোটন (২২) জয় (৮) ও মনিকে (৬) গলা টিপে হত্যা করেছে। ওই ঘটনার পর থেকেই ছোটন পলাতক।
/জেবি/এসটি/








