সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে আশাশুনি-ঘোলা সড়কের কালেরডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের ছেলে ময়েজ হোসেন (২২), অপরজন খুলনার রায়ের মহল এলাকার নাফিজউদ্দীনের ছেলে মহিন হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শী কালেরডাঙ্গা গ্রামের আবুল কালাম জানান, ওই ২ মোটরসাইকেল আরোহী বেপরোয়া গতিতে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সাতক্ষীরামুখী আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।








