পরীক্ষা শেষ করে আর বাড়ি ফেরা হলো না সপ্তম শ্রেণির ছাত্র ফারুকের। পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে কান্নার রোল। একটা কিশোরকে মোটরসাইকেল চালাতে দেওয়ার করুণ পরিণতি এই মৃত্যু বলে অনেকে আক্ষেপ করছেন।
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ফারুক হোসেন (১৩) নামে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিন জন।
নিহত স্কুলছাত্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলীর ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডে তুরুকপথা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর একটির চালক স্কুলছাত্র ফারুক ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আরেকটি মোটরসাইকেলের তিন আরোহীর সবাই আহত হয়। তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, স্কুলছাত্রের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও স্বজনসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।
ঘটনা নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনা সবাইকে বিচলিত করে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে যা জানা গেছে তার পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য, শিশু কিশোররা যেন মোটরসাইকেলের চাবি হাতে না পায় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন।’
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।








