আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে। জনগণ যদি ভোট দেয় তাহলে কে নির্বাচনে আসলো না আসলো সেটি কোনও বড় বিষয় না।’
বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিংক কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে জনগণের যে উচ্ছ্বাস, আনন্দ এবং প্রত্যাশা দেখতে পাচ্ছি তাতে আমি মনে করি নির্বাচন সফলভাবে হচ্ছে।’
এর আগে মন্ত্রী কসবা উপজেলা সদরের শহীদ ওমরাখান মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় বক্তৃতা করেন। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে সভাস্থলে এসে জড়ো হন।
এ সময় উপস্থিত ছিলেন– কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র এমজে হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমনসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে, মন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কসবা উপজেলার সদরের প্রধান সড়কের একাংশ বন্ধ করে প্যান্ডেল নির্মাণ করা হয়। এ সময় দুই লেনের সড়কটির একদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।









