কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাতের লাশ আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা হবে। পরে বাদ জুমা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে নগরীর নিউ হোস্টেল এলাকার টমছমব্রিজ কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।
এর আগে, বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মেয়র রিফাত মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের মনোহরপুর এলাকার এস এম আতাউল হকের ছেলে। ফুসফুসে সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সব সময় অক্সিজেন সঙ্গে নিয়েই চলাফেরা করতেন। গত ৬ ডিসেম্বর থেকে তার পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হন। রবিবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।









