অবৈধ আয়ের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের এক প্রকৌশলী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ ডিসেম্বর) তার বিরুদ্ধে করা মামলাটি গ্রহণ করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক।
মামলাটি করেন দুদকের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী৷
মামলার আসামিরা হলেন– কুমিল্লা সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ) মো. আবদুস সালাম (৪১) এবং তার স্ত্রী মোসা. খালেদা আক্তার বিউটি (৩৬)।
মামলার এজাহারে বলা হয়, মোসা. খালেদা আক্তার বিউটি এবং তার স্বামী কুসিকের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত নগর পরিকল্পনাবিদ) মো. আবদুস সালাম একে অপরের সহায়তায় আটানব্বই লাখ পঁচাশি হাজার নয়শ’ তিয়াত্তর টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেন। তাই তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা দণ্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হলো। তদন্তকালে আরও অবৈধ সম্পদ পাওয়া গেলে তা মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুর রহমান বলেন, ‘আবদুস সালামের সম্পদগুলো স্ত্রীর নামে। তিনি তদন্তের রিপোর্টে লিখলেন তার স্ত্রী ব্যবসায়ী। কিন্তু আমরা তদন্ত করে দেখলাম, তার স্ত্রীর কোনও ব্যবসা নেই। যা সম্পূর্ণ ভুয়া। অর্থাৎ বোঝাই যায় তিনি অবৈধ উপায়ে এসব সম্পদ অর্জন করেছেন। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। যদি আরও অবৈধ সম্পদ পাওয়া যায় তাদের নামে তাহলে তা মামলার নথিতে যুক্ত হবে।’









