সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের হাতে ২৯ গ্রাম হেরোইনসহ আটক মো. লাল মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত লাল মিয়া (৪৫) উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মেম্বারের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট জেবু নেছা (জেবা রহমান) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৩ মে সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়ার দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রির সময় মো. লাল মিয়াকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন। মামলার শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।








