বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের সময় আরও নয় ঘণ্টা বাড়ানো হয়েছে। সোমবার (২৭ মে) ভোর ৫টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এর ফলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৬ মে) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিকভাবে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারফিল্ডের স্থগিতাদেশ এবং এর রানওয়ে বন্ধের সময় সোমবার ভোর ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।’
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ সম্পদ রক্ষা এবং জনশক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষে গ্রহণ করা হবে।









