নীলফামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় সুফিয়া বেগম (৪৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী আব্দুল হাই (৪৮) গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই বসুনিয়াপাড়া ময়দানের পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম সদরের কচুকাটা ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী এবং দুহুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে বিকালে স্বামী-স্ত্রী একটি মোটরসাইকেলে নিজ বাড়ি ওই ইউনিয়নের বাদিয়ার মোড়ে আসছিলেন। পথে জেলার জলঢাকা থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে স্ত্রী নিহত হন। স্থানীয়রা তার স্বামীকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা ট্রাকটি (ট্রাক নং-১৫৫৭৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক ও ট্রাকচালক মো. রাসেল (৩৪) থানায় আটক রয়েছে।









