সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সড়ক থেকে শিক্ষার্থীরা সরার পর এই মহাসড়কে যান চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১টা থেকে শুরু হওয়া আন্দোলন প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ৩টার দিকে শেষ হয়। তবে দাবি না মানলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরতরা।
সরেজমিন দেখা গেছে, বেলা ৩টার দিকে ঘটনাস্থলে আসেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তারা এসেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই সড়ক থেকে সরানো যাচ্ছিল না। পরে আন্দোলনরতদের দাবি শুনতে চান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তাদের দাবি শুনেই দুজনে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেবেন তাদের দাবি। তবে সড়ক ছেড়ে দিতে হবে। এ সময় আন্দোলনরতরা একমত হয়ে সড়ক থেকে সরে যান।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুলে ধরবো। আমাদের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে। কোনও আপত্তিকর ঘটনা ঘটেনি।’
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাস পেয়ে সড়ক ছেড়েছে। এখন যানবাহন চলছে। কিছুক্ষণের মধ্যেই সড়ক স্বাভাবিক হবে।’
উল্লেখ, বৃহস্পতিবার বেলা ১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে সড়ক ছাড়ে।









