আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের সুফল ভোগ করছেন দেশের মানুষ। উন্নয়নের কারণে বিএনপি-জামায়াতের গাত্রদাহ হচ্ছে। উন্নয়নে গাত্রদাহ থেকেই দেশে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।’
দেশের চলমান পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে নগর ভবনের সিটি হলরুমে আওয়ামী লীগ রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া (পূর্ব), বোয়ালিয়া (পশ্চিম), শাহ মখদুম ও রাজপাড়া (আংশিক) থানা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যখন সরকারের মন্ত্রীদের আলাপ-আলোচনা চলছিল, সেই সময়ে আন্দোলনের নেতৃত্ব হাইজ্যাক করে নেয় বিএনপি-জামায়াত-ছাত্রশিবির। এরপর দেশের উন্নয়নমূলক অবকাঠামো এবং রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য গাড়ি গান পাউডার দিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়।’
তিনি আরও বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। তাই যেকোনও ধরনের অরাজকতা ঠেকাতে প্রত্যেককে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে। অগ্নিসন্ত্রাসীসহ অপশক্তিকে শক্তহাতে মোকাবিলা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। অতীতেও আমাদের বিজয় হয়েছে। এবারও আমরা লড়বো এবং আমরাই জিতবো।’
মতবিনিময় সভায় আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু।







