বগুড়ায় আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া

বগুড়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২২:০৯আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২২:০৯

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা ধরে বিক্ষোভকারীরা শহরের জিরো পয়েন্ট সাতমাথা দখলে রেখে বিক্ষোভ সমাবেশ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুলসংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে বেলা ৩টার দিকে শহরের জলেশ্বরীতলা, কাটনারপাড়া, পিটিআই মোড়সহ বিভিন্ন এলাকায় সমবেত হন। তাদের সঙ্গে অভিভাবক এবং সরকারি আজিজুল হক কলেজের শিক্ষকদেরও দেখা যায়। তারা মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সমবেত হন। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, রবিবার থেকে অসহযোগ আন্দোলন সফল করাসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে সাতমাথার সাতটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকাল ৪টার দিকে সাতমাথায় জিলা স্কুলের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, জুতা-স্যান্ডেল ও পানির বোতল নিক্ষেপ করতে থাকেন। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং জিলা স্কুলের ভেতরে অবস্থান নেয়। আন্দোলনকারীদের একটি মিছিল পার্শ্ববর্তী পুলিশের বিপণিবিতান পুলিশ প্লাজায় হামলার জন্য অগ্রসর হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালান। তখন দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা যায়। পরে সংঘর্ষ শহরের জলেশ্বরীতলা, পিটিআই মোড়, বড়গোলাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

এদিকে, শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর এবং মুজিব মঞ্চের পাশের বঙ্গবন্ধুর ম্যুরাল রঙ দিয়ে বিকৃত করা হয়। এরপর মুরালে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া টেম্পল রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর ম্যুরাল রঙ দিয়ে বিকৃত করা হয়। আন্দোলনকারীরা সাতমাথায় সমাবেশ শুরু ও পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন। তারা সরকারের পদত্যাগ দাবি করেন। এ সময় তারা সাতমাথায় পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। আশপাশের বিভিন্ন মার্কেটে থাকা আওয়ামী লীগের নেতাদের ব্যানার ছিঁড়ে ফেলেন।

এর আগে আন্দোলনকারীরা আন্দোলনে নিহতদের স্মরণে শহরের সাতমাথায় গায়েবানা জানাজা করেন। তারা বারবার পুলিশকে সতর্ক করে বলেন, ‘আমাদের ওপর গুলি চালালে থানায় হামলা করা হবে।’ এ সময় বিভিন্ন স্থানে রোড ডিভাইডার ভেঙে ফেলা হয়। রাস্তার বিভিন্ন স্থানে টায়ার, কাগজ, কাঠ জ্বালিয়ে দেওয়া হয়। পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ফিরে যাওয়ার সময় রবিবার থেকে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।

/এমএএ/
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী, সদস্য সচিব তানজিল
বাংলাদেশ কওমি যুব ফোরামের আহ্বায়ক সাখী, সদস্য সচিব তানজিল
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
লাইকা ক্যামেরা ও নিজস্ব চিপ, নতুন ফোল্ডেবল আনছে শাওমি 
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা