ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. মতিউর রহমান (৬৫)। তিনি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে মতিউর রহমানকে আটক করা হয়। তবে পরিবার বলছে, তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠার পর তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে মতিউর রহমানকে আওয়ামী লীগের সক্রিয় ও বলিষ্ঠ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তার পরিবারের দাবি, মতিউর কোনও রাজনীতির সঙ্গে জড়িত নন। তার ছেলে জাকারিয়া দিপু যুবলীগের সদস্য হওয়ায় শারীরিকভাবে অসুস্থ ও বয়স্ক হওয়া সত্ত্বেও তার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের সময় এক পিকআপচালককে গুলি করে আহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। যদিও ওই মামলার এজাহারে তার নাম নেই। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হকের স্বাক্ষরিত লিখিত প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদী পেশায় একজন পিকআপচালক। ২০২৪ সালের জুলাইয়ের শুরু থেকে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই বছরের ৫ আগস্ট বিকাল ৩টার দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ড মোড় ও আশপাশের সড়কে প্রায় সাত থেকে আট হাজার আন্দোলনকারী অবস্থান করছিলেন।
এ সময় মামলার এজাহারভুক্ত ১ থেকে ১০ নম্বর আসামির নেতৃত্বে অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। হামলাকারীরা আন্দোলনকারীদের ধাওয়া করে মারধর ও গুলি করেন। একপর্যায়ে ধামরাই থানা রোড বাসস্ট্যান্ডের সামনে পাকা সড়কে বাদীর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহযোদ্ধারা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মামলাটি তদন্ত করতে গিয়ে একাধিক সোর্সের মাধ্যমে মতিউর রহমানের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার তথ্য পাওয়া গেছে। মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারী কর্মকর্তা।
আদালতে দেওয়া প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেছেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মতিউর রহমানকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপন করতে পারেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। প্রয়োজনে পরবর্তী সময়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এ কারণে আসামির জামিনের বিরোধিতা করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
মতিউরের পরিবার যা বলছে
মতিউর রহমানের স্ত্রী দেলেরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বাসায় মা-মরা ১২ বছর বয়সী নাতিকে নিয়ে থাকি। মেয়েটা ওকে ছোট রেখে মারা গেছে। শনিবার ভোর ৪টার দিকে আমার স্বামী (মতিউর) তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন। এ সময় দরজায় কড়া নাড়া হয়। উঠে আমার স্বামী গেট দিয়ে বাইরে পুলিশ দেখতে পান। তারা গেট খুলতে বলে। আমি জানতে চাই, কী কারণে গেট খুলতে হবে। তখন তারা বলে, গেট খুলে কথা বলতে হবে। আমি তাদের পরিচয় জানতে চাই এবং বলি, আপনাদের তো আমি চিনি না। তখন তারা গেট না খুললে ভেঙে ঘরে ঢোকার হুমকি দেয়। একপর্যায়ে গেট খুলে দিলে পুলিশ আমার স্বামীকে সঙ্গে নিয়ে চলে যায়।’
‘আমি পুলিশকে বলেছিলাম, আমার স্বামী অসুস্থ ও বয়স্ক মানুষ। ১০-১৫ দিন আগেও তার পরপর ডেঙ্গু ও নিউমোনিয়া হয়েছিল। তখন তার অবস্থা খুব খারাপ ছিল। তিনি এখনও ঠিকমতো দাঁড়াতে পারেন না, শরীর কাঁপে। এমন একজন মানুষকে আপনারা কোথায় নিয়ে যাবেন? তার সঙ্গে এখানেই কথা বলেন। কিন্তু তারা (পুলিশ) শুধু গেট খুলতে বলছিল।’
‘আমার ছেলে ঢাকা জেলা যুবলীগের সদস্য। ২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে সে বাড়িতে নেই। আমাদের সঙ্গে তার যোগাযোগও নিয়মিত হয় না। ৫ আগস্টের দিনেও আমাদের বাড়িতে হামলা করে সব তছনছ করে ফেলেছিল লোকজন। ছেলের রাজনীতির কারণে আমাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। এখন আমার স্বামীকেও জেলে যেতে হলো। অথচ আমার স্বামী কোনও রাজনীতির সঙ্গে জড়িত নন। আমরা এই জুলুমের বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতিউর রহমানের ছেলে যুবলীগের বড় একটি পদে আছেন। এ ছাড়া মতিউর রহমানের পুরো পরিবার আওয়ামী লীগ করে। তারা তো অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাকে তো আমরা ধরতে যাইনি। তিনি আমাদের রেড ব্লকে পড়ে গেছেন।’
মতিউরের পরিবার দাবি করেছে, তিনি বৃদ্ধ ও অসুস্থ এবং কোনও রাজনীতির সঙ্গে জড়িত নন। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে পুরোনো একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’