রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের একটি শাখা থেকেই চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলম ঋণ নিয়েছে আট হাজার ২১৬ কোটি টাকা। চট্টগ্রামের আগ্রাবাদের জনতা ব্যাংকের সাধারণ বিমা শাখা থেকে এসব ঋণ নিয়েছে শিল্প গ্রুপটি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রায় এক বছর পর ২০১০ সাল থেকে ঋণ নেওয়া শুরু করে গ্রুপটি।
ব্যাংক সূত্র জানিয়েছে, এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এস আলম সুগার, এস আলম ট্রেডিং কোম্পানি, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম সুপার এডিবল অয়েল এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসহ অন্যান্য প্রতিষ্ঠানের নামে এসব ঋণ নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে মুখ খুলছেন না জনতা ব্যাংক চট্টগ্রাম সাধারণ বিমা শাখার কর্মকর্তারা। বিষয়টি জানার জন্য তারা প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। এদিকে, এ বিষয়ে জানার জন্য প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (এমআইএসডি) ও চিফ ইনফরমেশন অফিসার মো. নুরুল ইসলাম মজুমদারকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের এক কর্মকর্তা জানান, একক কোনও ঋণ গ্রহীতাকে ব্যাংকের মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ না দেওয়ার বিধান আছে। তবে এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এ নিয়ম মানেনি জনতা ব্যাংক। পণ্য আমদানির বিপরীতে এসব ঋণ দেওয়া হয়।
এই ঋণের মধ্যে রয়েছে– এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের এক হাজার ৩৮ কোটি ৭৫ লাখ টাকা, এস আলম ট্রেডিং কোম্পানির এক হাজার ১৮৬ কোটি ৪৩ লাখ টাকা, এস আলম ভেজিটেবল অয়েলের ৬৯৬ কোটি ৪২ লাখ টাকা, গ্লোবাল ট্রেডিং করপোরেশন ২২১ কোটি ১৩ লাখ টাকা এবং এস আলম রোল্ড স্টিলস এক হাজার ২২৯ কোটি ৫৫ লাখ টাকা।
এস আলম গ্রুপের ঋণের বিপুল অংক বকেয়া থাকলেও প্রতিষ্ঠানগুলোকে পুনঃতফসিল সুবিধা দেওয়া হয়।









