আট বছর পর কারামুক্ত হলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলাম চৌধুরীকে আজ সকাল ১০টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ৬৭টি মামলা ছিল। এর মধ্যে ৬৬টিতে আগে জামিনে ছিলেন। সর্বশেষ একটি মামলায় তার জামিননামা কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে আজ সকালে মুক্তি দেওয়া হয়।’
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপদফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে প্রিয় নেতাকে বরণ করতে কারাফটকের সামনে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। কারাগার থেকে বেরিয়ে আসলে আসলাম চৌধুরীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’
তিনি বলেন, ‘আসলাম চৌধুরী আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার। তার বিরুদ্ধে অন্যায়ভাবে একের পর এক গায়েবি মামলা দেওয়া হয়েছে।’
সোমবার (১৯ আগস্ট) শুনানি শেষে আসলাম চৌধুরীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
২০১৬ সালের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৬ মে ৫৪ ধারায় (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) তাকে গ্রেফতার দেখানো হয়।
২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতিতে যুক্ত হন আসলাম চৌধুরী। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন। ২০১৪ সালের ২৬ এপ্রিল তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক হন। পরে তিনি বিএনপির যুগ্ম-মহাসচিব হন।









