ভারত থেকে আসা উজানের পানির প্রভাবে ভোলায় মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (২৫ আগস্ট) বিকালে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের কন্দকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ দেওয়া হয়।
নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সহায়তা তুলে দেন দুর্গত মানুষের হাতে। ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল চাল, চিড়া, চিনি, বিশুদ্ধ পানি ও স্যালাইনসহ জরুরি ওষুধ।
গত কয়েকদিন ধরে রাজাপুর ইউনিয়নের ৭ গ্রামসহ কমপক্ষে ১৫টি গ্রামের বাঁধের বাইরের অসংখ্য পরিবার জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাচ্ছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।









