চাকরির দাবিসহ নারী-পুরুষের সমানভাবে নিয়োগের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাইপাইল-আব্দুল্লাপুর ও নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা বলেন, ‘সকালে বেশ কিছু লোক লাঠিসোঁটা নিয়ে জামগড়া এলাকার দি রোজ নামে কারখানায় ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে তারা আইডিএস কারখানায় ইটপাটকেল ছুড়ে চলে যান। তারা আসলে শ্রমিক কিনা তা বোঝা যায়নি। তবে তারা চাকরিপ্রার্থী হতে পারেন।’
এ ছাড়া শিল্প পুলিশ জানায়, আন্দোলনরত শ্রমিকরা নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে শিল্পাঞ্চলে উত্তেজনা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের দুই পাশের কমপক্ষে ৩০টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এক পর্যায়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘চাকরির দাবিতে বিভিন্ন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা পোশাক কারখানায় নারী-পুরুষের সমানভাবে নিয়োগের দাবিসহ আরও কয়েকটি দাবি রয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় তাদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’









