সিরাজগঞ্জের চৌহালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কাউছার ও মিল্টন নামে দুই যুবককে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া মহল্লার মৃত আব্দুর রশিদ মাষ্টারের ছেলে নিহতদের চাচাতো মামা নাছির উদ্দিন (৪০), সহিদুল ইসলাম সাচ্চা (৫০) এবং একই মহল্লার মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মনোয়ার হোসেন বলেন, ‘আদালত ১৬ জন সাক্ষী ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধে হামলা চালিয়ে দুই ভাই কাউসার ও মিল্টনকে মারপিট করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে কাউসারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় মিল্টনকে রাতেই ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১টার দিকে তিনিও মারা যান।
এ ঘটনায় ৮ ডিসেম্বর নিহতের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৬ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ সোমবার দুপুরে এ রায় দেন।









