গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানির বাড়িতে হামলার অভিযোগে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের ৭৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও এসএম জিলানির ভাতিজা জুলকার শেখ বাদী হয়ে বুধবার রাতে এই মামলা করেন।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী কেন্দ্রীয় নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে তার বাড়ি আসছিলেন। সেখানে এসে নেতাকর্মীদের খাবার খাওয়ার কথা ছিল। এই খাবারের আয়োজনের জন্য দেড় লাখ টাকা খরচ করা হয়। তবে ওইদিন গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের। ঘটনার দিন ১ নম্বর আসামি নাজমুল শেখের নেতৃত্বে আসামিরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে জিলানির বাড়িতে প্রবেশ করে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর ও খাবার নষ্ট করে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান মামলা বিষয়টি স্বীকার করে বলেন, ‘গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানির বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং মেহমানদের জন্য রান্না করে রাখা খাবার নষ্ট করার অভিযোগে টুঙ্গিপাড়ার ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসামিরা পলাতক থাকায় এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যেহেতু অভিযোগ পেয়েছি, পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।’









