শেরপুরের পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে সেবা কার্যক্রম বৃদ্ধি করে ঘুরে দাঁড়িয়েছে থানা-পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) শেরপুরের পুলিশ সুপার (ওসি) মো. আমিনুল ইসলামের সই করা অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।
পাঁচ থানায় দায়িত্ব পাওয়া ওসিরা হলেন– শেরপুর সদর থানায় জুবায়দুল আলম, নকলা থানায় হাবিবুর রহমান, নালিতাবাড়ী থানায় ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানায় আনোয়ার জাহিদ, ঝিনাইগাতী থানায় আল আমীন।
একই অফিস আদেশে খন্দকার মো. শহিদুল হককে পুলিশ লাইনসের ওআর, জিয়াউর রহমানকে কোর্ট ইন্সপেক্টর, মোয়াজ্জেম হোসেনকে পুলিশ পরিদর্শক নালিতাবাড়ী সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে।
এর আগে ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে শেরপুর জেলার পাঁচ থানার ওসিসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ কর্মকর্তাকে একযোগে নৌ-পুলিশ, টুরিস্ট, সিআইডি, পুলিশ ট্রেনিং সেন্টার, হাইওয়ে ও পিবিআই পুলিশের বিভিন্ন দফতরে বদলি করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানার সেবামূলক কর্মকাণ্ডে স্থবিরতা অনেকটাই লক্ষণীয় ছিল। তবে ধীরে ধীরে এই অবস্থা থেকে বেরিয়ে কর্মমুখর হয়ে উঠছেন পুলিশ সদস্যরা। নতুন এই পদায়নের মধ্য দিয়ে থানার কর্মকাণ্ডে পুলিশ সদস্যরা আরও বেশি সক্রিয় হবেন বলে আশা করা হচ্ছে।









