কুমিল্লায় ছুরিকাঘাতে মাহী আলম মারুফ (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচ জন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর নোয়াগাঁও সংলগ্ন ময়নামতি রেলস্টেশন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
নিহত মাহী নগরীর শাকতলা এলাকার বাবুল মিয়ার ছেলে।
কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাহী হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর মাহি তার মায়ের সঙ্গে নগরীর শাকতলা এলাকায় বসবাস করতো। তাদের সঙ্গে পার্শ্ববর্তী রামনগর গ্রামের তুহিনের বিরোধ চলছিল। শুক্রবার বিকালে মাহী বাড়ির অদূরে ময়নামতি রেলস্টেশন এলাকায় লুডু খেলতে যায়। তখন তুহিন ও তার বন্ধুরা মাহী এবং তার সঙ্গীদের ওপর আক্রমণ চালায়। এক পর্যায়ে মাহীসহ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর আহত মাহীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাতে মাহীর স্বজনরা অ্যাম্বুলেন্সে মরদেহ নোয়াগাঁও এলাকায় নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ লোকজন হত্যায় অভিযুক্ত তুহিনকে ধরে এনে পুলিশে সোপর্দ করেন।








