প্রতিশ্রুতি অনুযায়ী বেতন না দিয়ে মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করায় গাজীপুরে টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। এতে ওই মহাসড়কে সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উভয় মহাসড়কের দুই পাশে ৭ থেকে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘কারখানার মালিকপক্ষ আমাদের কথা দিয়েছিলেন, আজ বকেয়া বেতন দেবে। মালিকপক্ষের ঘোষণা অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে বেতনের জন্য গতকাল সারাদিন অপেক্ষা করেছি। হঠাৎ কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করেছে। আমরা আমাদের সমুদয় বকেয়া পাওনা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বো না। মাস শেষ, ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা তাগাদা দেবে, দোকান মালিকরা বকেয়া টাকার জন্য আমাদের হাতের দিকে চেয়ে থাকবে। বাচ্চাদের স্কুলের এবং প্রাইভেট শিক্ষকের বেতন দিতে হবে।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্পশ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, ‘গত ১৪ আগস্ট মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেন এবং যাবতীয় পাওনা পরিশোধে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়। চুক্তি মোতাবেক জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের তারিখ ছিল ২৫ সেপ্টেম্বর। ওইদিন বেতন না দেওয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। পরে আবার ৩০ সেপ্টেম্বর বেতন পরিশোধের তারিখ দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে।’
টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার কবির হোসেনকে ফোন দিলে তিনি রিসিভ না করায় এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক (ভোগরা জোন) হাবিল বলেন, ‘ভোগড়ায় টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানায় আন্দোলন চলছে। শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) ট্রাফিক পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।
অপরদিকে, মহানগরীর কোনাবাড়ী এলাকার এমএম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে দুদিন ধরে বিক্ষোভ করছেন। মালিকপক্ষ তাদের সমাধান না দেওয়ায় আজও তারা কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন।
এদিকে, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ডিলাক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। সকালে আন্দোলনরত শ্রমিকরা আশপাশের কয়েকটি কারখানায় গিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় তারা কর্মরত শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনের যোগ দেওয়ার জন্য আহ্বান জানালে বিশৃঙ্খলা এড়াতে চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। পুলিশ আন্দোলনকারী শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেনাসদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন।’









