ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বহিরাগত ছয় জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে বাইপাইল এলাকায় অবস্থিত ডংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেড একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের এ সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ডংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেড নামে ওই কারখানার শ্রমিকরা বলেন, ‘কিছুদিন আগে আন্দোলন চলাকালে বিভিন্ন দাবির সঙ্গে কারখানার চার জন কর্মকর্তার বরখাস্তের দাবি জানিয়েছিলেন শ্রমিকরা। আন্দোলন চলাকালে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেয়। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে কারখানার কয়েকজন স্টাফ ও কর্মকর্তা বরখাস্তকৃত সেই কর্মকর্তাদের পুনর্বহাল করা হবে জানিয়ে শ্রমিকদের কাছে সাদা কাগজে স্বাক্ষর চান। এটি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়।
‘এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ এক থেকে দেড়শ জন বহিরাগত সন্ত্রাসীকে কারখানার ভেতরে এনে শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়। এতে ১০-১২ জন শ্রমিক আহত হন। দুপুরের পর সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন কারখানায় এলে বহিরাগতরা পালিয়ে যায়। পরে কারখানা ছুটি ঘোষণা করা হয়।’
এ বিষয়ে জানতে কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
শিল্পপুলিশের একটি সূত্র জানায়, কারখানাটিতে বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ডংলিয়ান ছাড়া আজ আশুলিয়ার অন্য কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চলের সার্বিক কর্মপরিবেশ। কয়েকটি ছাড়া শিল্পাঞ্চলের সব কারখানার কার্যক্রম চলমান রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘ডংলিয়ান কারখানায় অসন্তোষের ঘটনায় বহিরাগত ছয় জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’








