কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সমিতিপাড়া এলাকার সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রের নাম আজমাইনুল হক। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা করুমুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় আজমাইন।
তিনি বলেন, ‘তারা কয়েকজন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্রসৈকতে এসে ফুটবল খেলে। খেলা শেষে সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই জন। একজনকে উদ্ধার করেন বন্ধু এবং জেলেরা। তখন থেকে আমরা নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করেছি। পরে সমিতিপাড়া থেকে আজমাইনের মরদেহ উদ্ধার করা হয়।’
আজমাইনুল হকের বড় ভাই আশফাকুল হক বলেন, ‘আজমাইন স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। স্কুল শুরু হয় সকাল ৮টায়। তারপর আমরা স্কুলশিক্ষকের মাধ্যমে খবর পাই সে নিখোঁজ রয়েছে। শুনেছি, নয় বন্ধু স্কুল পালিয়ে একসঙ্গে সমুদ্রসৈকতে এসে ফুটবল খেলে। এক পর্যায়ে গোসলে নেমে দুজন নিখোঁজ হয়।’







