চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপি নেতা কবির আহমদ সওদাগর (৭০) হত্যার ঘটনায় এজহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বারইয়ারহাট পৌর এলাকা থেকে নাসির উদ্দিন (৩৮) ও মোস্তাফিজুর রহমান সোহেল (৩২) নামে দুজনকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে কবির আহমদের ছেলে দিদারুল আলম বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় মামলা (নং-৭) দায়ের করেন।
নিহত কবির আহমদ উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমানে ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন।
গ্রেফতার নাসির এজহারনামীয় ১নং ও মোস্তাফিজুর ৪নং আসামি।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেটে কবির আহমদের মালিকানাধীন দোকান ভাড়াকে কেন্দ্র করে স্থানীয় নাসির উদ্দিন ও কামাল উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ৭-৮ জনের একটি সশস্ত্র গ্রুপ কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার রাতে তার ছেলে দিদারুল আলম বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।’
ওসি আরও জানান, গ্রেফতার আসামিদের শুক্রবার আদালতে তোলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।









