লক্ষ্মীপুরের এক কিশোরকে ইটভাটায় হাত-পা বেঁধে ৫দিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে কুমিল্লার এক ইটভাটা মালিকের বিরুদ্ধে। শাহজাহান নামের ওই কিশোর পালিয়ে রক্ষা পেলেও শরীরের বিভিন্ন অংশের পোড়া যন্ত্রণা নিয়ে হাসপাতালে ছটফট করছে।
শাহজাহান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা গ্রামের আবদুস সোবাহানের ছেলে।
শাহজাহানের বাবা জানান, তার একার পক্ষে সংসার চালানো সম্ভব ছিল না, তাই শাহজাহান কুমিল্লার লালমাই এলাকার এবিএম ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ নেয়। ৫ মাস কাজ করার পর সে গত ৫ মার্চ (শনিবার) ইট ভাটায় আর কাজ করবে না জানিয়ে মালিকের কাছে বেতন চায়। এতে ইটভাটার মালিক বেলাল হোসেন ক্ষিপ্ত হয়ে তার দুই ভাই কামাল উদ্দিন ও গিয়াস উদ্দিনকে ইটভাটায় বেঁধে রেখে বেদম মারধর করে। এসময় তার হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন জায়গায় আগুনের ছ্যাকা দেওয়া হয়। গত ১০ মার্চ সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় শাহজাহান ইটভাটা থেকে পালিয়ে তার বাড়িতে আসে। পরে পরিবারের লোকজন তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহজাহানের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।








