ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় ৫৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ এই চার্জ গঠনের আদেশ দেন। এর আগে তিনবার চার্জ গঠনের তারিখ পরিবর্তিত হয়।

চার্জ গঠনের সময় জেলা কারাগার থেকে গ্রেফতারকৃত ৪৩ আসামিকে আদালতে হাজির করা হয়। আগামি ১২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে আদালত।
বাদীপক্ষের আইনজীবী পিপি হাফেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার ৫৬ আসামির মধ্যে গ্রেফতারকৃত ৪৩ জনের উপস্থিতিতে মামলার চার্জ গঠন করা হয়েছে।
অপরদিকে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গাজী তারেক আজিজ বলেন, এই মামলার বাদী নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম এক জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলদের এই মামলার আসামি করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় দিনেদুপুরে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ফেনী থানায় একটি মামলা করেন। মামলার ৫৬দিন পর পুলিশ ৫৬জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।
/জেবি/টিএন/








