গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী পোশাকশ্রমিক এবং অপরজন শিক্ষার্থী। সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলা এলাকার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে এবং রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন– শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মালিয়াপাড়া গ্রামের বিলকিস আক্তার (২৮); গাজীপুর মহানগরীর বাংলাবাজার (বাহাদুরপুর) এলাকার নির্মল সরকারের ছেলে নিলয় সরকার (২০)।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিলকিস আক্তার তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় ঢাকাগামী আমানি পরিবহনের যাত্রীবাহী বাস চাপা দলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ভবানীপুর (ইন্দ্রবপুর) এলাকায় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে পোশাককারখানায় জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিহত নিলয় বাংলাবাজার (বাহাদুরপুর) এলাকা থেকে মোটরসাইকেলে রাজেন্দ্রপুর আরপি গেট বাজারে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিলয় নিহত হন। তিনি গাজীপুর মহানগরীর পূবাইলের ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী।









