মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) এবং সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। এ ছাড়া আহত হয়েছেন খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলে রাজু ধর (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন তরুণ মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়ায় রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, ‘পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। অপর আহত রাজুকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, ‘মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক রয়েছেন।’









