বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নূর নবী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কামারগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নূর নবী বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি শহরের জামিলনগর এলাকায় খালার বাসায় বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কামারগাড়ি এলাকায় রেললাইনের মাঝ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। সে সময় সান্তাহার ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস অতিক্রম করছিল। ট্রেনের চালক বারবার হুইসেল বাজালেও কানে ফোন থাকায় নূর নবী টের পাননি। ফলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।









