কুমিল্লায় এক বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ভারত সীমান্তে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে লালা পড়ছিল।
মৃত ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে সেটি উদ্ধার করা হয়। এ সময় বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এখনও হাসপাতালের মর্গে আছে।
কুমিল্লার কোতয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক এএসআই মো. ইলিয়াস বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শরীরে দাগ আছে, তবে কিসের দাগ তা আমরা তদন্ত ছাড়া বলতে পারছি না।’
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজিবি ও পুলিশ সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের বড় ভাই আমাদের জানিয়েছেন কাজী ছবির মাদকাসক্ত ছিলেন। এ কারণে মাঝে মধ্যে অপ্রকৃতিস্থের মতো ঘুরতেন। কিন্তু কীভাবে তিনি মারা গেছেন তারা জানেন না।’
তিনি আরও বলেন, ‘মরদেহের শরীরে দাগ আছে। কিন্তু কিসের দাগ তা আমরা জানি না। বিষয়টি সম্পর্কে আরও জেনে জানানো যাবে।’









