নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে আদমজী ইপিজেডের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– শুভ (২২) ও ইমন (২১)। তারা উভয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মুজিববাগ এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া আহত অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছিলেন। পথে তারা একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘এই ঘটনায় লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকচালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’








