মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় মাওলানা আবদুর রহমান (৩৭) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে উপজেলা বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আব্দুর রহমান দক্ষিণ বাঁশকান্দি গ্রামের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি পার্শ্ববর্তী পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে মোটরসাইকেলে ফজরের নামাজের জন্য মসজিদে রওনা হন। রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান আব্দুর রহমান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ইনচার্জ অফিসার মো. রকিবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’








