নারায়ণগঞ্জে হুমায়ন কবির (৫৫) নামে এক কারাবন্দি আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তার মৃত্যু হয়। তবে ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে।
হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও প্রয়াত চান শরীফ সরদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে ১২ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, ‘সোমবার রাতে বন্দি হুমায়ন কবির বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে। পরে তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।









