চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ তিন র্যাব সদস্য আহতের মামলায় আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮) নামে একজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯ জানুয়ারি বিকালে র্যাব-৭-এর একটি দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০-৫০০ জন দুষ্কৃতকারী র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
‘দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় র্যাবের চার জন সদস্য গুরুতর আহত হন। পরে থানা পুলিশের সহযোগিতায় আহত র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়। চট্টগ্রাম সিএমএইচের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর তিন জন র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।’
এ ঘটনায় র্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে সীতাকুন্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর কক্সবাজার জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে আলীরাজ হাসান প্রকাশ সাগরকে গ্রেফতার করা হয়।









