বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ভোট দিয়ে কেন্দ্র থেকে চলে আসলে চলবে না, কড়ায়-গণ্ডায় ভোট বুঝে নিতে হবে। যেহেতু এর আগে ভোট হয়নি, আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি; এর আগে নির্বাচনে আমাদের ভোট বিভিন্নভাবে লুটপাট হয়ে গেছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। কেউ যেন আমাদের ভোট লুট করে নিয়ে যেতে না পারে।’
মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ ময়দানে ময়মনসিংহ বিভাগীয় নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।
সমাবেশে তারেক রহমান আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ যেমন স্বাধীন হয়েছে, তেমনি আমরা প্রত্যাশার বাংলাদেশ গড়তে পারবো।’
তিনি কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘তরুণ ও যুবকদের জন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
জামায়াতকে উদ্দেশ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের ভাষায় কথা বলছে বিএনপির বিরুদ্ধে। তারা বলছে, বিএনপি সরকারে থাকায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। কিন্তু আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ওই দলের তো দুই জন মন্ত্রী ছিল। তাহলে তারা কেন ওই সময় পদত্যাগ করেন নাই।’
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা। সকাল থেকে মিছিল নিয়ে সার্কিট হাউজ ময়দানে চলে আসেন নেতাকর্মীরা। তারেক রহমানকে দেখতে এসেছিলেন বিপুল সংখ্যক সাধারণ জনতা। ময়দান কানায় কানায় ভরে গিয়েছিল।








