জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু প্রভু মেনে নেবো না। আমাদের পরিষ্কার কথা– আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারও গোলামি মানবো না। কারও চোখ রাঙানোকে ভয় করি না। আমরা ইসলামের জন্য কথা বলি। অনেকের কাছে ভালো লাগে না।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় জামায়াত আমির আরও বলেন, ‘সকালে সূর্য দেখলে বোঝা যায়, দিনটি কেমন যাবে। ভোটের আগের আবহাওয়া দেখলে বোঝা যায়, কেউ নির্বাচনে বিজয়ী হলে কেমন হবে। দেশবাসী দেখছে, আমাদের কলিজার টুকরো ঢাকার রাজপথের সৈনিক ওসমান হাদিকে হত্যা করেছে। দুই দিন আগে শেরপুরে রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যা করে কারও গতিরোধ করতে পারবেন না।’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলিজার টুকরো মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল– সেদিন জুলাই চূড়ান্ত হয়েছে। এটি কেউ মেনে নিতে পারেনি। হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সবকিছু সেদিন ব্যর্থ হয়েছিল। এখন আবার যারা মেয়েদের গায়ে হাত দেন, ধরে নেন, নিজেরা নিজেদের কবর রচনা করলেন। মেয়েদের গায়ে হাত দেবেন না।’
বক্তব্যের শেষ মুহূর্তে জামায়াত আমির ১১ দলের প্রার্থী লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, দাঁড়িপাল্লার প্রার্থী লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মাষ্টার রুহুল আমিন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ডা. রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে এ আর হাফিজ উল্লাহর হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।









