যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীন বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের গাতিপাড়া গ্রামে ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ওই অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আজিজুর রহমান জানান, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।









