রাঙামাটির ফিলিং স্টেশনগুলেতে ‘ফুয়েল কার্ড’ ছাড়া দেওয়া হচ্ছে না জ্বালানি তেল। কার্ড ছাড়া না দেওয়ায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আসতে শুরু করেছে।
শনিবার রুটিন অনুযায়ী শহরের চারটি ফিলিং স্টেশনে অকটেন বিক্রি করা হচ্ছে। রুটিন অনুযায়ী সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তেল বিক্রির সময় দেওয়া হয়েছে।
জ্বালানি সংকট তৈরি পর থেকে পাম্পগুলোতে থাকতো দীর্ঘ সারি। তেলের জন্য রাত থেকে ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। তবে ফুয়েল কার্ড চালুর পর থেকে দীর্ঘ সারিতে বা রাত থেকে আর কাউকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।
ফুয়েল কার্ড করতে পুলিশ সদস্যদের সহায়তা করতেও দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যরা পাম্পের শৃঙ্খলা রাখতে কাজ করছেন।
তেল নিতে আসা সুপায়ন চাকমা ও শুভ চাকমা বলেন, ‘আগে পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হলে একজন একাধিক পাম্প থেকে তেল নেওয়ার সুযোগ পেতেন। ফুয়েল কার্ড করার কারণে তেলের ব্যক্তিগত মজুত বন্ধ এবং পাম্পগুলোতে অপ্রয়োজনীয় লোকজনের সংখ্যাও কমে এসেছে।’
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এসআই মো. সোহেল রানা বলেন, ‘ফুয়েল কার্ড ছাড়া কেউ তেল পাচ্ছেন না। যাদের ফুয়েল কার্ড নেই, তাদের কার্ড করতে সহায়তা করছি। এ কারণে ১১টার পর আর কোনও দীর্ঘ সারি দেখা যাচ্ছে না।’









