পাঁচ দফা দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বহিরাগত সন্ত্রাসীরা ইন্টার্ন চিকিৎসককে মারধর করে নগদ অর্থসহ মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থী, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও দায়ী সন্ত্রাসীদের গ্রেফতারসহ পাঁচ দফা দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
এদিকে, আকস্মিক ধর্মঘটের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ক্যাম্পাসে একদল বহিরাগত সন্ত্রাসী ইন্টার্ন চিকিৎসক সুমন আলীর ওপর হামলা চালিয়ে তাকে বেদম মারপিট করে নগদ অর্থ ও একটি দামি মোবাইলফোন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় ডা. সুমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চলতি সপ্তাহে হাসপাতালের ক্যাম্পাসে আরও তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশাসনকে বার বার বলা সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ নেননি। তাই বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা।
ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করার জন্য বার বার দাবি জানানো হলেও প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করছে না।
এ ব্যাপারে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিফাত জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
হাসপাতালের পরিচালক ডা. আবু সালেহ মো. বকতউল্লাহ জানান, এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
/বিটি/এএইচ/








