বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অরুণ কান্তি রায় সিটন গ্রেফতার হয়েছেন। বগুড়া ডিবি পুলিশের একটি দল সোমবার দিবাগত মধ্যরাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে।
ওসি ও অন্যরা জানান, কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের মাস্টার শরৎচন্দ্র রায়ের ছেলে। তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ও আগে হত্যাসহ চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার রাত দেড়টার দিকে গোপনে খবর পেয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। বগুড়ার শাজাহানপুর থানায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে সিটনকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে বগুড়া ধুনট থানা পুলিশ গত ৮ মে গভীর রাতে ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই খোকনকে (৪৬) গ্রেফতার করেছে।
এদিকে, আওয়ামী লীগ নেতা সিটনকে গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীরা বিবৃতিতে ক্ষোভ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এটিকে ষড়যন্ত্রমূলক মামলা উল্লেখ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।









