মেডিক্যাল বর্জ্যে ছড়াচ্ছে দূষণ, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
০৭ জুন ২০২৬, ১২:২১আপডেট : ০৭ জুন ২০২৬, ১২:২১

২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা ও খাদ্যদ্রব্যের বর্জ্যের কারণে মারাত্মক পরিবেশদূষণ সৃষ্টি হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণের অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাসপাতালের কর্মচারীসহ এলাকাবাসী। হাসপাতাল সংলগ্ন পুকুর ও এর আশেপাশে ফেলা চিকিৎসা বর্জ্যের পচন ও দুর্গন্ধে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নিজস্ব কোনও বর্জ্য ব্যবস্থাপনা নেই। স্তূপ করে রাখা বর্জ্য কুড়িগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ নিয়মিত স্থানান্তরের কথা থাকলেও তারা সেটা করছে না। ফলে পুকুরের পাশে স্তূপ করে রাখা বর্জ্য পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। কুকুর ও কাকসহ বিভিন্ন প্রাণীর বিচরণে সেগুলো আশেপাশের স্থানসহ পাশের পুকুরের পানিতে ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ দূষিত হয়ে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।

সরেজমিন হাসপাতাল চত্বরে গিয়ে দেখা গেছে, হাসপাতাল স্টাফ কোয়ার্টার ও মসজিদসংলগ্ন পুকুরের পশ্চিম পাশে কোনও ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মেডিক্যাল বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। এর মধ্যেই ফেলা হচ্ছে হাসপাতালের উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য। এমনকি ওই স্তূপের মাঝে মৃত মুরগিও পড়ে থাকতে দেখা গেছে। দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম! সেখানে অবস্থান করা সম্ভব হচ্ছিল না। পাশেই স্টাফ কোয়ার্টারে হাসপাতালের তিন জন কর্মচারী পরিবার নিয়ে বসবাস করেন। পুুকুরের পূর্ব প্রান্তে আবাসিক এলাকা এবং কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার। উত্তর পাশে মসজিদ এবং দক্ষিণ প্রান্তে কয়েকটি পরিবারের বসবাস। এই অস্বাস্থ্যকর পরিবেশে দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরিবারগুলো বসবাস করছে।

স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও হাসপাতাল কর্মচারী ইয়াকুব বলেন, ‘দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকির সাথে বসবাস করছি। কর্তৃপক্ষকে হাজারবার বলার পরও কোনও কাজ হয় না। বলতে বলতে আমরা ক্লান্ত। বিশাল পুকুরটির পানিও মেডিক্যাল বর্জ্য আর ময়লা আবর্জনায় দূষিত। গোসল তো দূরের কথা, স্পর্শ করাই দায়।’

দ্বিতল কোয়ার্টারের নিচতলায় বাস করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শেখ শেফালী রহমান। বর্জ্যের দুর্গন্ধে তিনি অতিষ্ট।

শেফালী বলেন, ‘আপনারা নিজেরাই দেখেন– এত দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাস করা যায়? হাসপাতালে আমরা মানুষের স্বাস্থ্যসেবা দিই, কিন্তু বাসায় সন্তান আর পরিবারের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাস করি। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আমাদের এই অসহনীয় পরিবেশ থেকে মুক্তি দিন।’

মারাত্মক দূষিত হয়ে পড়েছে পুকুরের পানি পুকুরের দক্ষিণ প্রান্তে বসবাসকারী রবি বলেন, ‘এই আবর্জনার স্তূপ দিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। দুর্গন্ধে বাসায় থাকা যায় না। হাসপাতাল কর্তৃপক্ষকে বললে তারা পৌরসভার কথা বলেন। কিন্তু পৌরসভা এই ময়লা সরায় না। বর্জ্যে পুকুরের পানি বিষাক্ত হয়ে গেছে। এর মাছ খাওয়াও বিপজ্জনক।’

হাসপাতালপাড়ার বাসিন্দা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘হাসপাতালের বর্জ্যের কারণে পুরো এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। রোগীর স্বজন, হাসপাতাল স্টাফ ও এলাকাবাসী মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। আগে পুকুরের পানিতে আমরা ওজু করতাম, রোগীর স্বজন ও এলাকাবাসী গোসল করতেন। কিন্তু এখন সেই পানি স্পর্শ করা যায় না। আমি চাই হাসপাতাল ও পৌর কর্তৃপক্ষ দ্রুত এই বর্জ্য সরিয়ে নিক। একই সঙ্গে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য কর্যকর ব্যবস্থা নেওয়া হোক।’

কর্মচারী ও এলাকাবাসীর অভিযোগ স্বীকার করে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, ‘পুকুর পাড়ে স্তূপ করে রাখা বর্জ্য পৌর কর্তৃপক্ষ নিয়মিত স্থানান্তর করার কথা। কিন্তু তারা সেটা করছেন না। এতে পরিবেশ দূষিত হয়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। পুকুরের পানি বিষাক্ত হয়ে পড়েছে। এমনকি ওই পুকুরের মাছও বিষাক্ত হয়ে পড়েছে। পৌরসভাকে বারবার বললেও তারা কর্ণপাত করছে না।’

পৌরসভাকে পুরো দায় দিয়ে তত্ত্বাবধায়ক আরও বলেন, ‘চলতি অর্থবছরে হাসপাতাল কর্তৃপক্ষ পৌরসভাকে ৫৬ লাখ ৯৩ হাজার টাকা পৌর কর পরিশোধ করেছে। কিন্তু তাদের মান তলানিতে। এই টাকা পৌর কর্তৃপক্ষ তছরূপ করেছে। বর্জ্য অপসারণের অনুরোধ জানিয়ে আমি তাদের পত্র দেবো।’

কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা বলেন, ‘হাসপাতালের বর্জ্যগুলো এমনভাবে স্তূপ করে রাখা হয় যে, আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা সেগুলো অপসারণ করতে গিয়ে ঝুঁকিতে পড়েন। ভাঙা কাচ ও সিরিঞ্জের আঘাতে আহত হন। আমরা বলেছি যে, তারা (হাসপাতাল কর্তৃপক্ষ) যেন কালো পলিথিনের প্যাকেটে করে বর্জ্যগুলো রাখে। তাহলে আমাদের কর্র্মীরা নিরাপদে সেগুলো সরিয়ে নিতে পারবেন। এরপরও আমি বর্জ্যগুলো সরিয়ে নিতে বলবো। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটু সচেতন হলে আমাদের কাজ সহজ হয়।’

/এমএএ/
সম্পর্কিত
ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
হাসপাতালে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় চিকিৎসাসেবা
সর্বশেষ খবর
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
রামিসা হত্যা মামলার রায়ে ‘সন্তুষ্ট’ আসামিপক্ষের আইনজীবীও
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
হজ শেষে ফিরছেন হাজিরা, সন্তুষ্টি ব্যবস্থাপনায়
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট