বরিশালের মেহেন্দিগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। তার নাম ফারুক সরদার (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফারুক মেহন্দিগঞ্জের সুলতানপুরের তোফাজ্জেল মিয়ার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ও আওয়ামী লীগকর্মী।
নিহতের ফুফাতো ভাই ফারুক সিকদার জানান, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের আলতাফ হোসেন সরদারের সঙ্গে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের জামাল মোল্লার রাজনৈতিক বিরোধ ছিল।
উভয়ই আওয়ামী লীগের লোক হলেও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জামাল মোল্লা দল থেকে বহিষ্কার হন।
বৃহষ্পতিবার দুপুর দুইটার দিকে স্থানীয় এমপির সঙ্গে দেখা করে বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন সরদার ও তার লোকজন ফেরার পথে পানপট্টি নামক স্থানে জামাল মোল্লা ও তার সমর্থকদের অতর্কিত হামলার শিকার হন।
এসময় ফারুক গুরুতর আহন হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আহত কবির মুন্সী, মানিক, অলিউদ্দিন, শিপন ও নাগর নামে ৫ জন আওয়ামী লীগকর্মীকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে বলে জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
আরও পড়ুন: প্রাইভেটকার খাদে, ছাত্রলীগ নেতাসহ নিহত ২
/এআর/







