শেখ হাসিনা জনগণের মনে ভয়ভীতি সৃষ্টি করেছেন, বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার বরিশাল নগরীতে পেশাজীবী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিমিয় সভায় তিনি এ অভিযোগ করেন।
আমির খসরু বলেন, ‘বাঙালি জাতি কখনও ফিসফিস করে কথা বলেনি, এখন তারা ফিসফিস করে কথা বলে। বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র, বাক স্বাধীনতা ধ্বংস করেছে।’
নগরীর বিডিএস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘আগে স্বৈরাচারী সরকার পতনে ছাত্র ও শ্রমিক সংগঠন বেশি ভূমিকা রেখেছিল। কিন্তু এখন ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সেই ভূমিকা থেকে সরে এসেছে।’ এসময় তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচন কমিশন হস্তগত করে সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা করছেন। ৫ জানুয়ারি যারা করেছে প্রধানমন্ত্রী তাদের হাতেই জিম্মি হয়ে পড়েছেন।’
সংগঠনের বরিশাল শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সাবেক সংসদ সদস্য মেজবাহ্ উদ্দিন ফরহাদসহ প্রমুখ।
/এমও/







