পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গোলখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূর ডান হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গৃহবধূর নাম আসমা বেগম (৩২)। সোমবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজিজ সিকদার ও তার ছেলে আলামিনকে গ্রেফতার করেছে।
গৃহবধূর শাশুড়ি হোসনে আরা বেগম জানান, জমি নিয়ে তার ছেলে মো. সোহাগ ফরাজী ও স্ত্রী আসমা বেগমের সঙ্গে প্রতিবেশী আব্দুল আজিজ সিকদারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আসমার সঙ্গে আব্দুল আজিজের কথা কাটাকাটি হয়। পরেআজিজ এবং তার দুই ছেলে কবির ও আলামিন সোমবার রাতে আসমার ঘরে প্রবেশ করে। এ সময় কবির ধারালো অস্ত্র দিয়ে আসমার ডান হাতের কব্জি কেটে ফেলে। এ ঘটনার পর তারা দ্রুত পালিয়ে যায়। পরে আসমার চিৎকারে লোকজন এসে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি হোসনেয়ারা বেগম মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।








