বোরখা পড়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় স্কুলছাত্র নাইম ইসলাম। সেখানে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে সে। ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হলে উত্ত্যক্ত করার অভিযোগে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন বিচারক।সোমবার (২৭ নভেম্বর) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের বোথলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাণ্ডারিয়া উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ইকড়ি গ্রামের বাসিন্দা রুহুল আমিন মীরের ছেলে নাইম ইসলাম বোথলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। স্কুলের এক সহপাঠীর সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যায়। সোমবার সকালে নাইম একটি কালো রংয়ের বোরখা পড়ে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে ও পুলিশে দেয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হলে বিচারক ভাণ্ডারিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.সাইফুদ্দিন গিয়াস নাইমকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো.সাইফুদ্দিন গিয়াস বলেন,উত্ত্যক্ত করার অভিযোগে নাইম ইসলামকে এ দণ্ড দেওয়া হয়েছে।








