পিরোজপুরের নাজিরপুরে সন্তোষ দেউরী নামে এক শিক্ষককে মারধরের অভিযোগে শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শাহ আমানত শান্তকে বহিষ্কারসহ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মাদক সেবনের প্রতিবাদ ও এসএসসির টেস্ট পরীক্ষায় হাতেনাতে নকল ধরায় বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ওই শিক্ষকের ওপর হামলা চালায় টেস্ট পরীক্ষার্থী শান্ত ও তার সহযোগীরা।
আহত শিক্ষককে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত স্কুল শিক্ষক সন্তোষ দেউরী বলেন,‘বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ও ছাত্রলীগের বিদ্যালয় কমিটির সভাপতি শাহ আমানত শান্ত নিয়মিত মাদক সেবন করে। আমি বিভিন্ন সময় এর প্রতিবাদ করতাম। এ কারণে সে আমার ওপর ক্ষিপ্ত ছিল। এছাড়া এসএসসির টেস্ট পরীক্ষায় নকল করার সময় তাকে হাতেনাতে ধরি। এতে সে আমার ওপর আরও ক্ষিপ্ত হয়।’
তিনি অভিযোগ করেন, ‘বুধবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীরামকাঠী বন্দরে নিজ বাসায় দুই ছাত্রকে পড়াচ্ছিলাম। এ সময় শাহ আমানত শান্ত, তার সহযোগী মেহেরাব, তন্ময়সহ পাঁচ জন বাসায় ঢুকে আমাকে মারধর করে।’
শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাইম হাওলাদার জানান, শিক্ষক সন্তোষ দেউরীর ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শাহ আমানত শান্তকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম বলেন, ‘বিষয়টি জানতে পেরে ওই বিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি বিলুপ্তসহ সভাপতি শাহ আমানত শান্তকে বহিষ্কার করেছি।’ শান্ত শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী হায়দার মৃধার ছেলে।
শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মণ্ডল জানান, শিক্ষক সন্তোষ দেউরীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয়দের নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পরে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে।








