ভোলা নর্থ-১ নামে আরও একটি নতুন গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করেছে বাপেক্স। শনিবার (৯ ডিসেম্ভর)ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝির হাটে এ কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী এই খনন কাজের উদ্বোধন করেন ।
এসময় তিনি জানান, বাপেক্স চলতি অর্থ বছর ২৮টি গ্যাস অনুসন্ধান কূপ খনন করবে। ইতিমধ্যে ৯ টি গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হয়েছে। চলতি অর্থ বছর আরও চারটি নতুন গ্যাস কূপ খনন করা হবে। এরআগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর ইস্ট-১ গ্যাস কূপ খনন করা হয়েছে, সেখানে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ‘আসা করছি ভোলা নর্থ-১ গ্যাস অনুসন্ধান কূপে বিপুল গ্যাস পাওয়া যাবে। ভোলায় শিগগিরই আরও দুটি গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হবে। রাশিয়ার রাষ্ট্রিয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ও আমেরিকান কোম্পানি হ্যালি বারটনের সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)কূপ খনন ও গ্যাস অনুসন্ধান করছে। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ-সচিব খাদিজা নাজনীন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম ও ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ।
প্রধানমন্ত্রীর রূপকল্প -২০২১ বাস্তবায়নের লক্ষ্যে গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে ভোলা নর্থ-১ গ্যাস কূপ খনন করা হচ্ছে। অনুষ্ঠানে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিত থাকার কথা থাকলেও বৈরী আবহাওয়ার জন্য তিনি উপস্থিত হতে পারেননি।
আরও পড়ুন: সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী








